মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশির ভিডিওতে মরু অঞ্চলের প্রাণী সান্ডা (Uromastyx) ধরা ও রান্নার দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়—কারও কাছে এটি বিস্ময়ের, কারও কাছে হাস্যরসের বিষয়। তৈরি হচ্ছে মজার মিম ও কৌতুক। তবে অনেকেই প্রশ্ন তুলছেন, ইসলামি দৃষ্টিকোণ থেকে সান্ডা খাওয়া আদৌ বৈধ কি না।
সান্ডা: মরু অঞ্চলের এক বিশেষ টিকটিকি
বিজ্ঞানসম্মত নাম Uromastyx, আর আরবি ভাষায় একে বলা হয় \"দাব্ব\" (ضبّ)। এরা মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু এলাকায় বাস করে। শক্ত শরীর ও খাঁজযুক্ত মোটা লেজের অধিকারী এই প্রাণী আত্মরক্ষায় সক্ষম। অনেক দেশে এর তেল ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায়, বিশেষত যৌনশক্তি বৃদ্ধির ওষুধ হিসেবে।
নবিজি (সা.) কী বলেছেন?
সহিহ হাদিসে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) একবার সাহাবিদের সঙ্গে হজরত মায়মুনা (রা.)-এর বাড়িতে অবস্থান করছিলেন। তখন তার সামনে ভাজা সান্ডা পরিবেশিত হয়। নবিজি (সা.) তা খেতে উদ্যত হলে উপস্থিতরা জানায়, এটি সান্ডা বা 'দব্ব'। শুনেই তিনি হাত সরিয়ে নেন। তখন সাহাবি খালিদ ইবনে ওয়ালিদ (রা.) রাসুলের সামনে থেকেই তা খেয়ে নেন। রাসুল (সা.) বলেন, “আমি এটা অপছন্দ করি, কারণ আমাদের এলাকায় এর প্রচলন নেই।” তবে তিনি একে হারাম বলেননি। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
ইসলামি দৃষ্টিভঙ্গিতে বিভক্ত মত
ফকিহ বা ইসলামি আইনবিদদের মধ্যে এ বিষয়ে ভিন্নমত রয়েছে।
হানাফি মাজহাব অনুযায়ী, সান্ডা খাওয়া হারাম। কারণ, এটি তাদের দৃষ্টিতে ‘খাবাইস’ বা অপবিত্র ও অরুচিকর প্রাণী। তাঁরা কোরআনের আয়াত উদ্ধৃত করেন:
“আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন।” (সুরা আ’রাফ: ১৫৭)
তবে ইমাম মালেক, শাফেয়ি ও আহমদ ইবনে হাম্বল (রহ.) এর মত হচ্ছে, সান্ডা খাওয়া হালাল। কারণ, রাসুল (সা.) নিজে তা না খেলেও সাহাবিদের খেতে নিষেধ করেননি, বরং তা তাদের সামনে ঘটেছে।
উপসংহার
সান্ডা খাওয়া শরিয়তসম্মত কি না, তা নির্ভর করছে কোনো মাজহাব অনুসরণ করা হচ্ছে তার ওপর। কেউ যদি হানাফি মত অনুসরণ করেন, তার জন্য এটি পরিহার করাই উত্তম। তবে অন্যান্য তিন মাজহাব অনুসারীরা একে হালাল হিসেবে গ্রহণ করতে পারেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি ধর্মীয় অনুভূতির বাইরে গিয়ে কৌতুকের উপাদান হয়ে উঠলেও, ইসলামি দৃষ্টিভঙ্গি ও বৈজ্ঞানিক বাস্তবতা বিবেচনায় বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হয়ে উঠেছে।





